আফসানা ইসলাম পুষ্প \ কুষ্টিয়ায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা সম্প্রসারণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, অনলাইন সেবা সহজীকরণ এবং জনগণের ভোগান্তি কমাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারটি ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রণব কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক- সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবর প্রকাশক সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, ডিবিসি নিউজ টেলিভিশন ও দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা। এছাড়া জেলা প্রশাসন, ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা অংশ নেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, “দেশের সীমিত ভূমির ওপর বিপুল জনসংখ্যার চাপ ভূমি ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কুষ্টিয়ায় অর্পিত সম্পত্তির পরিমাণও বেশি, যা আমাদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। সরকার সমাজের সকল স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের হয়রানি কমবে, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি বলেন, আমরা চাই, জনগণ যেন দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সকল সেবা পায়। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি ও দালালচক্রের প্রভাব কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। অন্যান্য বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তিকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে দালাল ও হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
