হাসানাত আবদুল্লাহসহ চারজনের মৃত্যুদণ্ড দাবি টিপুর স্ত্রীর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বরিশালের আগৈলঝাড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির মৃত্যুদণ্ড দাবি করেছেন নিহত ছাত্রদল নেতা টিপু হাওলাদারের স্ত্রী সুমা আক্তার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে জবানবন্দি দেওয়ার সময় এ দাবি করেন তিনি। মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দির একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে সুমা বলেন, স্বামী হত্যার সময় তার দুই মেয়ে খুব ছোট ছিল। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য সন্তানদের পক্ষ থেকে আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক বরিশাল পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ এবং গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দাবি করেন তিনি। এ কথা বলার পর কান্নায় ভেঙে পড়েন সুমা।

মামলায় গ্রেপ্তার উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই সুমা জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

প্রসিকিউশনের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও জাসাস নেতা কবির মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ তাদের আগৈলঝাড়া বাইপাস এলাকায় নিয়ে গিয়ে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার নাটক সাজায় বলে অভিযোগ।

এর আগে গত ২০ মে চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।