নিজ সংবাদ:
কাঁচা পাটের ওপর আরোপিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর বা টিডিএস প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বৈঠকে ব্যবসায়ীরা দেশের পাটশিল্পের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা এবং করব্যবস্থার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয় তুলে ধরেন। তারা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের করপোরেট কর পরিশোধের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো এবং রপ্তানি ও উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় কর সুবিধা দেওয়ারও আহ্বান জানান।
সংগঠনটির দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের পাটশিল্প ক্রমেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। বিশেষ করে কাঁচা পাট কেনার সময় ০.৫ শতাংশ উৎসে কর দিতে হওয়ায় জুট স্পিনিং মিলগুলোর নগদ অর্থপ্রবাহে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
জুট স্পিনিং মিলের প্রধান কাঁচামাল কাঁচা পাট। দেশের বিভিন্ন এলাকার কৃষকরা হাটবাজারে পাট বিক্রি করেন এবং মিলগুলো সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে। ফলে পাট কেনার পর্যায়েই উৎসে কর আরোপের সরাসরি প্রভাব পড়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর।
ব্যবসায়ীরা বলেন, বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এ ধরনের উৎসে করের চাপ তুলনামূলক কম। বিশেষ করে টেক্সটাইল খাত আমদানিনির্ভর কাঁচা তুলা ব্যবহার করলেও কাঁচা পাটের মতো একই ধরনের করভার বহন করতে হয় না। এতে দেশীয় কৃষিপণ্যনির্ভর পাটশিল্প বৈষম্যের মুখে পড়ছে।
তাদের দাবি, পাটশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কাঁচা পাটের ওপর উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্য শতাংশে নামিয়ে আনা হোক। পাশাপাশি করপোরেট কর পরিশোধের সময়সীমা বাড়িয়ে শিল্পটিকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
