নিজ সংবাদ:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার আগেই শেখ হাসিনার বিষয়টি শর্ত হিসেবে উত্থাপন করা হয়েছিল।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে পলাতক আসামি এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। সরকার তাকে ধরে দেশে আনতে চায়।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরলে বিচার পুনর্বিবেচনার সুযোগও তিনি পাবেন না। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে।
তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে এনে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি করতে চায়।
