বেনাপোল চেকপোস্টে অসুস্থ হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার পথে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ভারতের কলকাতার বাসিন্দা।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে একটি পরিবহন থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে থাকা স্ত্রী ঝর্ণা মিস্ত্রি দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। কয়েক দিন অবস্থান শেষে বুধবার ভোরে ভারতে ফেরার উদ্দেশে বেনাপোলে পৌঁছান তারা। সীমান্তে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন গৌতম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের স্ত্রী বর্তমানে সঙ্গে রয়েছেন।

তিনি বলেন, মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।