দৌলতপুরে নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাকের কর্মশালা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার খলিশাকুন্ডি বাজারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক সিডের খলিশাকুন্ডি ডিলার মো. দাউদ হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার (সবজি ও জৈব বালাইনাশক) মো. আখতারুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার (ফিল্ড ক্রপস) সেখ মোহাম্মদ আলী জিন্নাহ, টেরিটরি সেলস অফিসার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) বাসুদেব পাল এবং স্থানীয় রিটেইলার ও মডেল কৃষকবৃন্দ। কর্মশালায় কৃষিতে উত্তম কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা ও এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার আয়োজকরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর উন্নতমানের বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমের ধান ও সবজি বীজ, বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। কর্মশালায় ৫০ জন কৃষকের মাঝে ব্র্যাক সিডের উন্নতমানের সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিনামূল্যে বিতরণ করা হয়। কর্মশালা পরিচালনায় ছিলেন টিএসও বাসুদেব পাল।