আওয়ামী লীগকে রক্ষার শর্তে এনসিপি নেতারা সম্পদ ভোগ করছেন: আবু হানিফ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

আওয়ামী লীগকে রক্ষার শর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনেক নেতা দলটির নেতাকর্মীদের সম্পদ ভোগ করছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আবু হানিফ দাবি করেন, মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ি ব্যবহার করছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। তার ভাষ্য, তুষার ২০২২ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছিলেন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।

আবু হানিফ বলেন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী নন, এনসিপির আরও অনেক নেতা আওয়ামী লীগকে রক্ষার বিনিময়ে তাদের সম্পদ ব্যবহার করছেন।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর কাছ থেকে সারজিস ও আখতার ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এ দাবির পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

আরেকটি উদাহরণ হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামলের কথা উল্লেখ করেন আবু হানিফ। তার দাবি, ৫ আগস্টের পর ব্যবসা ঠিক রাখতে শ্যামল এনসিপির এক নেতাকে মোটা অঙ্কের টাকা দেন এবং কিশোরগঞ্জে দলের সাংগঠনিক ব্যয় বহনের শর্তে তাকে এনসিপিতে পদ দেওয়া হয়।

তিনি দাবি করেন, শ্যামলসহ তিনজনকে এনসিপিতে যোগ দেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবু হানিফের অভিযোগ, ৫ আগস্টের পর কেন্দ্র থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সম্পদ ব্যবহারের বিনিময়ে তাদের রক্ষা করেছেন এনসিপির নেতারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।