কুয়েতের আকাশসীমায় ইরানি ড্রোন ভূপাতিতের দাবি

রবিবার, আগ ২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, ভোর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করে।

কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো দেশটির উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ড্রোন ধ্বংসের ফলে খণ্ডিতাংশ পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। স্থানীয় বাসিন্দারা যে বিস্ফোরণের শব্দ শুনেছেন, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ধ্বংসের ফলেই হয়েছে বলে জানানো হয়।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাহিনী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।