আন্তর্জাতিক ডেস্ক:
চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র কালোতালিকাভুক্ত করার জবাবে প্রতিরক্ষা ও বিরল খনিজ খাতে যুক্ত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের এক মাস পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করা হলেও প্রযুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্য ইস্যুতে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ৮০টি চীনা প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাকে কালোতালিকাভুক্ত করে। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীকে সহায়তা করছে। তালিকায় প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, বাইদু ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির নামও রয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে পাল্টা ব্যবস্থা হিসেবে এই রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। চীনের তালিকায় থাকা মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভিওক্স, ওশকোশ ডিফেন্স, বিরল খনিজ উৎপাদক এমপি মেটেরিয়ালস ও ইউএসএ রেয়ার আর্থ। এ ছাড়া চীনের অর্থ মন্ত্রণালয় ৪৬টি মার্কিন কোম্পানির পণ্য সরকারি ক্রয়ে নিষিদ্ধ করেছে। এর মধ্যে লকহিড মার্টিন, রেথিয়ন ও বোয়িংয়ের প্রতিরক্ষা বিভাগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যু, প্রযুক্তি নিয়ন্ত্রণ ও সামরিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়ছে।
