নিজ সংবাদ:
চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াইকোকে চীনের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা জোট হিসেবে দেখা হচ্ছে, যা অনেকের মতে মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিকল্প একটি প্ল্যাটফর্ম। বর্তমানে রাশিয়া, পাকিস্তান, ব্রাজিলসহ মোট ২৯টি দেশ এ জোটের সদস্য। সংস্থাটির সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
ওয়াইকোর মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং এআই প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক নীতিমালা উন্নয়নে কাজ করা।
এ ছাড়া সংস্থাটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন এআই উন্নয়ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে নতুন এই প্রযুক্তির সুফল বিশ্বের সব দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
বাংলাদেশের পর্যবেক্ষক হিসেবে যোগদানের সিদ্ধান্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তিনির্ভর উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
