মেসিকেই সর্বকালের সেরা বললেন কাসেমিরো

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

অতীতের দ্বৈরথ ও দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বন্ধুত্বকে পাশে রেখে লিওনেল মেসিকেই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বড় জয়ের পর তিনি মেসির প্রশংসা করেন।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, ম্যাচে ৩৯ বছর বয়সী মেসি একাই চার গোল ও একটি অ্যাসিস্ট করেন। অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম গোল করেন কাসেমিরো।

ম্যাচ শেষে ফ্ল্যাশ সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, দলে মেসি থাকার অর্থই হলো এমন অসাধারণ মুহূর্ত দেখা। বিশ্বকাপেও মেসি তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এমন একজন খেলোয়াড় ও ব্যক্তিত্বের মুহূর্তগুলো উপভোগ করা উচিত।

মন্ট্রিয়ালের বিপক্ষে মেসির চার গোলের কীর্তি প্রসঙ্গে কাসেমিরো বলেন, মেসিকে সমর্থন করে তার পাশে থেকে খেলতে হবে, কারণ তিনি এখনো সেরা। মেসি প্রতিনিয়ত বিশ্বকে সেটিই দেখিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

কাসেমিরোর এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন রোনালদোর সঙ্গে খেলেছেন তিনি। আবার রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বার্সেলোনার মেসির বিপক্ষেও বহুবার মাঠের লড়াইয়ে নেমেছেন।

চলতি বছরের জুলাইয়ে ইউরোপের অধ্যায় শেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেন কাসেমিরো। মন্ট্রিয়ালের বিপক্ষেই পান মায়ামির জার্সিতে প্রথম গোল। মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান তারকা বলেন, মেসির বিপক্ষে খেলার চেয়ে তার পাশে খেলাই অনেক বেশি আনন্দের।