মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুঙ্কোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি। মায়ামি বিমানবন্দরে অবতরণের সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে অতিক্রম করে কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন ক্যাভা জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

মায়ামির ফায়ার প্রধান রায়েদ জাদাল্লাহ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার পর গ্রাউন্ডে থাকা কয়েকটি যানবাহনের নিচে ও ভেতরে মানুষ আটকা পড়েন। উদ্ধারকারীরা দ্রুত তাদের বের করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ব্যস্ত লেবার ডে উইকেন্ডের মধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

নর্থ ক্যারোলাইনাভিত্তিক চার্টার সংস্থা ‘২১ এয়ার’ পরিচালিত প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ হিসেবে চলাচল করছিল বিমানটি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্তে নেমেছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।