মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান মোদির

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক হামলার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি ও বৈচিত্র্যায়নের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদারে তিনি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আগামী দিনে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের আগ্রহের কথাও জানান তিনি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত-ইরান বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের বাণিজ্য ছিল ১ হাজার ৭০৩ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৬৩ কোটি ডলারে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য মূলত বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে।

কৌশলগত চাবাহার বন্দর নিয়েও আলোচনা হয়েছে। মিসরি জানান, বন্দরটির পরিস্থিতি পর্যালোচনা করে যৌথভাবে টেকসই সমাধান খোঁজা হচ্ছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা ও বাণিজ্যিক জাহাজে হামলায় উদ্বেগ প্রকাশ করেন মোদি। তিনি বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সংঘাতে ১৩ জন ভারতীয় নাবিক নিহত হওয়ায় বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

পেজেশকিয়ানও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনীতির ওপর গুরুত্ব দেন। এ সময় আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁকে ভারতে আমন্ত্রণ জানান মোদি।