নিজ সংবাদ:
দেশের বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ভোজ্যতেলের দাম পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।
ওই সময় বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন দাম ঘোষণা করেন।
তখন বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের আমদানি ব্যয়ে পড়ে।
তিনি বলেন, বাংলাদেশে সয়াবিন তেলের চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে।
সর্বশেষ বৈঠকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বোতলজাত ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের জন্য ২০৪ টাকা গুনতে হবে।
