নিজ সংবাদ:
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের জন্য প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। উভয় পক্ষ নিজেদের প্রস্তাব দিয়েছে। সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সাদপন্থীদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, জুবায়েরপন্থীদের দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর যৌক্তিক সময়ের ব্যবধানে রমজানের আগে এক পর্বে ইজতেমা আয়োজন করতে চান তারা। বিকল্প হিসেবে নভেম্বরের শেষ দিকে ইজতেমা আয়োজনের প্রস্তাবও রয়েছে।
মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইজতেমা উপলক্ষে তার দেশে আসা ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে দাবি করে তিনি বলেন, ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্রও ভালো। পুলিশের মধ্যে যারা সরকারকে অসহযোগিতা করছেন, তাদের শনাক্ত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু রয়েছে।
ইজতেমা ঘিরে মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
