খাপ না খাওয়ালে বাংলাদেশ পিছিয়ে পড়বে: অর্থমন্ত্রী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে বিশ্ব অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশ পিছিয়ে পড়বে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণদের মেধার কোনো ঘাটতি নেই। দেশে অনেক মেধাবী শিক্ষার্থী ও ভালো গবেষক রয়েছেন। সরকার এবার গবেষণার ওপর অধিক গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবনের বিষয়েও আরও বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে।

তিনি বলেন, যাদের মধ্যে উদ্ভাবনী শক্তি রয়েছে, তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। চট্টগ্রামকে বাংলাদেশের ‘লজিস্টিক হাব’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর মোহাম্মদ আজুয়ান বিন মাওনসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।