বিদিশার জামিন আবেদন নাকচ

ফ্ল্যাট প্রতারণা মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। তবে আপিলের শর্তে করা জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি শেষে বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

বিদিশার আইনজীবী মাহমুদুল কবির জানান, আদালত আপিল গ্রহণ করেছেন। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা এবং তিনি একজন নারী—এসব বিবেচনায় জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত তা মঞ্জুর করেননি। আরেক আইনজীবী মনিরুজ্জামান সবুজ জানান, উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে।

গত ২০ মে এ মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন বিদিশা। পরে ৭৫ লাখ টাকা পরিশোধের পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালে তিনি গুলশান থানায় মামলা করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়। মামলায় প্রতারণার পাশাপাশি হত্যার হুমকির অভিযোগও আনা হয়।

বিদিশাকে গত ২৫ আগস্ট গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়।