ইচ্ছাকৃত আগুনে মৃত্যুদণ্ড ফেরাতে চান প্রেসিডেন্ট

আলজেরিয়ায় দাবানল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে বহু মানুষের মৃত্যুর পর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড পুনর্বহালের উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুন। এ জন্য ফৌজদারি আইনে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) বিচার মন্ত্রণালয়কে আইন সংশোধনের কাজ শুরু করার নির্দেশ দেন তেববুন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত আইনের খসড়া প্রস্তুতের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সরকারি হিসাবে সাম্প্রতিক দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সূত্র ও স্বাধীন সংবাদমাধ্যমের হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যম টুয়ালায় অনুসন্ধানী সাংবাদিক নোজহা খেলালেফের সংকলিত তালিকায় দাবানলে নিহতের সংখ্যা ২০০ জন বলে উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত কয়েক দিনে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শতাধিক দাবানল ছড়িয়ে পড়ে। অধিকাংশ আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট তেববুন জানিয়েছেন, দাবানলের পেছনে নাশকতা বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

বর্তমান আইনে ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন লাগানোর অপরাধে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তবে ১৯৯৩ সালের পর আলজেরিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

দাবানলে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও জরুরি সেবা দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। তীব্র তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়া এসব দাবানলে জলবায়ু পরিবর্তনের প্রভাবও নতুন করে আলোচনায় এসেছে।