ফেসবুক ছাড়লেন আসিফ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইতোমধ্যে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান তিনি।

ফেসবুক ছাড়ার কারণ ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, একসময় ফেসবুক ছিল সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। কিন্তু বর্তমানে সেখানে ধর্মীয় প্রচার, অনলাইন কেনাকাটা ও নানা ধরনের বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। ফলে ফেসবুক আর আগের জায়গায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিল্পীর মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্য সত্য আর কোনটি গুজব—তা আলাদা করা কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের খবর ও বক্তব্য ছড়িয়ে পড়ায় তারকারাও নানা বিড়ম্বনার মুখে পড়ছেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ আকবর বলেন, অনেক সময় তার নামে এমন বক্তব্য বা খবর প্রচার করা হয়, যা তিনি কখনোই দেননি। পরে তাকে সংশ্লিষ্টদের ফোন করে জানাতে হয় যে, তিনি এমন কোনো কথা বলেননি। বিষয়টি যাচাই করে পরে সত্য তথ্য প্রকাশ করতে হয়।

আসিফ আকবর মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভুল তথ্য মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ফেসবুকের বর্তমান পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পী। ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।