ভিনিসিয়ুসকে রেকর্ড প্রস্তাবের প্রস্তুতি আর্সেনালের

রবিবার, আগ ২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, গ্রীষ্মকালীন দলবদলে তাকে আনতে রেকর্ড অঙ্কের প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করেছে গানার্সরা। আনুষঙ্গিক ব্যয়সহ এই প্রস্তাব শিগগিরই রিয়াল মাদ্রিদের কাছে পাঠানো হতে পারে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আর্সেনাল ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব চূড়ান্ত করেছে। অন্যদিকে সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসও প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন, যা এই সম্ভাব্য দলবদলকে আরও আলোচনায় এনেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিনিসিয়ুসের প্রতিনিধি প্রতিষ্ঠান ‘রক নেশন’-এর সঙ্গে ইতিবাচক আলোচনা করেছে আর্সেনাল। দ্য সান জানিয়েছে, ২৫ বছর বয়সী এই উইঙ্গারকে দলে আনতে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব দিতে প্রস্তুত মিকেল আর্তেতার দল।

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তির বিষয়ে এখনও কোনো সমঝোতা হয়নি বলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। ফলে স্প্যানিশ ক্লাবটির সামনে এখন দুটি পথ—নতুন চুক্তিতে ভিনিসিয়ুসকে রাজি করানো অথবা আর্সেনালের বিশাল প্রস্তাব বিবেচনা করা।

এখন দেখার বিষয়, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগের অন্যতম ভরসা ভিনিসিয়ুসকে ধরে রাখতে পারে কি না রিয়াল মাদ্রিদ, নাকি দলবদলের বাজারে বড় চমক দেখিয়ে তাকে লন্ডনে নিয়ে যেতে সক্ষম হয় আর্সেনাল।