নিজ সংবাদ:
আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে গুলিতে তিনি নিহত হন।
ঘটনার পর দায়ের করা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাগারে মারা যান।
২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি শেষে ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এছাড়া সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি শহীদুল ইসলাম শিপুও কারাগারে মারা যান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিতদের করা আপিলের শুনানি এখন আপিল বিভাগে চলমান রয়েছে।
