আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একজন পত্রিকা ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লাগিয়ে দেন। খবর বিবিসির।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।
বিক্ষোভকারীদের একজন বলেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি ও স্বামী বিবেকানন্দের মাটি এবং এটি গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্যের চেষ্টা বরদাস্ত করা হবে না।
তবে বিক্ষোভকারীরা বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি পত্রিকাটিতে প্রকাশিত ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামকে কেন্দ্র করেই এই বিক্ষোভ হয়ে থাকতে পারে। ২১ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনার বিষয় তুলে ধরা হয়েছিল।
ওই শিরোনামের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৮ আগস্ট এক অনুষ্ঠানে তিনি শিরোনামটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেওয়া হবে না।
এরপর আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এছাড়া ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআরও দায়ের করে।
