ক্রীড়া ডেস্ক:
ডারউনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র চার দিনেই হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ম্যাকায়ে সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। ম্যাচের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। একই সঙ্গে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহের জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। প্রত্যাশার তুলনায় টিকিট দ্রুত বিক্রি হওয়ায় ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে।
ডারউনে প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পর দুই দলের দ্বিতীয় ম্যাচ নিয়ে আগ্রহ আরও বেড়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান সমর্থকরাও ম্যাকায়ের এই টেস্ট দেখতে মুখিয়ে আছেন।
মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। পরে ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় বাংলাদেশ।
আগামী ২২ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে আরও বড় ইতিহাস গড়ার।
