হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবায়নযোগ্য জ্বালানি প্রচারের লক্ষ্যে স্থাপিত সৌরচালিত সড়কবাতিগুলো এখন অযত্ন ও অবহেলায় অকার্যকর হয়ে পড়েছে। কয়েক বছর আগে জিয়ারখীসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ রাত্রি চলাচল নিশ্চিত করতে বসানো এসব বাতির অধিকাংশই বর্তমানে নষ্ট। সৌর প্যানেল ও ব্যাটারি অকেজো হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই এলাকাগুলো ঘন অন্ধকারে ডুবে যায়। ভুক্তভোগী এক নারী ডলি খাতুন বলেন, “পাঁচ মাস ধরে বাতিগুলো নষ্ট। উপজেলায় জানিয়েছি, মেম্বারকে বলতে বলেছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি।”

আরেক বাসিন্দা আশিক জানান, “আড়াই বছর আগে বসানো বাতি নষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে।” ডাক্তার তুহিন বলেন, “কিছু লাইট মাঝে মাঝে জ্বলে, আবার নিভে যায়। দেখাশোনার কেউ নেই। চুরি-ছিনতাই বেড়েছে। দ্রুত মেরামত করা জরুরি।” স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাতি নষ্ট থাকায় চুরি, ছিনতাই ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী রোসান আহমেদ জানান, “প্রকল্প বাস্তবায়নের পর এক বছর ঠিকাদারের দায়িত্ব ছিল। সেই মেয়াদ শেষ হয়েছে। নির্দিষ্ট তথ্য পেলে ইউএনও’র সঙ্গে আলোচনা করে মেরামতের উদ্যোগ নেব।” স্থানীয়রা দ্রুত সৌর সড়কবাতিগুলো মেরামত করে সচল করার দাবি জানিয়েছেন, যাতে রাতের পথচলা নিরাপদ হয় এবং সরকারি এই সম্পদ নষ্ট না হয়।
