প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

স্বস্তি পেলেন গ্রাহকরা

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

নিজ সংবাদ:

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। এ সিদ্ধান্তে দেশের লাখো বিদ্যুৎ গ্রাহকের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়। বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য আর্থিক স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারের ক্ষেত্রে প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগে ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হতো। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকায় গ্রাহকদের ব্যয় আরও বেড়ে যেত।

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। অবশেষে চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তকে ভোক্তাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, এতে সাধারণ মানুষের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে এবং প্রিপেইড মিটার ব্যবহারকারীরা আর্থিকভাবে উপকৃত হবেন।