নিজ সংবাদ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারামুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার সবকটিতে জামিন পাওয়ার পর বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার রাত সাড়ে ১০টার দিকে আইভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। কারা সূত্র জানায়, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিন সংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আইভীর আইনজীবীরা জানান, হাইকোর্ট ও আপিল বিভাগের দেওয়া জামিনাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তার মুক্তির পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়। গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার সর্বশেষ দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন কার্যকর হয় এবং কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় হাইকোর্ট জামিন দিলেও রাষ্ট্রপক্ষ একাধিকবার আপিল বিভাগে আবেদন করে। তবে শুনানি শেষে অধিকাংশ ক্ষেত্রেই হাইকোর্টের জামিনাদেশ বহাল থাকে।
আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন এবং আপিল বিভাগের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরই তিনি মুক্তি পান।”
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কারামুক্ত হওয়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
