বিদ্যুতের দাম বাড়ার আভাস

আগামীকালই আসতে পারে নতুন ট্যারিফ ঘোষণা

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য নতুন ব্যয়ের চাপ আসতে যাচ্ছে। আগামীকাল বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য চালু থাকা ‘লাইফ লাইন’ সুবিধায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বিইআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবার সকাল ১১টায় কমিশনের কারিগরি কমিটির বৈঠকে মূল্যবৃদ্ধির হার চূড়ান্ত করা হবে। এরপর বিকেলে নতুন ট্যারিফ ঘোষণা হতে পারে। নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদও জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং বুধবারই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা কমিটি ইউনিটপ্রতি ১ থেকে ১.৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করে।

গত এপ্রিলে অনুষ্ঠিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি দল গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে।

এদিকে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে এবং এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে।