নিজ সংবাদ:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে বামন্দীর জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তিনি পাবনা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে খোকন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চার সদস্যের একটি দল তালা ভেঙে টায়ার চুরির চেষ্টা করে। প্রতিষ্ঠানটির মালিকের ভাতিজা তুষার সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তুষার জানান, সেখানে গিয়ে তিনি একজনকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সহযোগীরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে অন্য তিনজন পালিয়ে যায়। পরে আটক যুবক স্থানীয়দের গণপিটুনির শিকার হন।
স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা দোকান থেকে প্রায় তিন লাখ টাকার টায়ার নিয়ে যেতে সক্ষম হয়েছে। গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান। গণপিটুনির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
