ইরানের পারমাণবিক সক্ষমতা এখন অনেক বেশি উন্নত: আইএইএ প্রধান

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় বর্তমানে ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর অবস্থানে রয়েছে।

গ্রোসি জানান, এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন কোনো পারমাণবিক চুক্তি আগের চুক্তির পুনরাবৃত্তি হবে না; বরং তা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা ও নতুন পরিস্থিতির আলোকে গড়ে উঠবে। তার মতে, চলমান আলোচনা থেকে যে সমঝোতা তৈরি হতে পারে, সেটি যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। তবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।