বৈশ্বিক অনিশ্চয়তায় ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

বেড়েছে বিনিয়োগকারীদের আগ্রহ

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে আসা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জিএমটি সকাল ৭টা ৩১ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩২ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি কাটেনি। ফলে তারা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। দুই দেশের পক্ষ থেকে ভিন্নধর্মী বার্তা আসায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে, যা স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলছে।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানসংক্রান্ত তথ্য এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্য স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।