উত্তেজনার মধ্যেই ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা মঙ্গলবার (২ জুন) ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তবে জানাজাকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা দেখা দেয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। স্থানীয় সূত্র জানায়, ভোলা সরকারি স্কুল মাঠে জানাজার আয়োজনের খবর ছড়িয়ে পড়লে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কিছু নেতাকর্মী সেখানে অবস্থান নেন।

এ সময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জানাজা ঘিরে আপত্তি জানান। তারা পুলিশকে সতর্ক করে বলেন, জানাজার সময় কোনো উসকানিমূলক বক্তব্য বা রাজনৈতিক স্লোগান দেওয়া হলে তা প্রতিহত করা হবে।

পরবর্তীতে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের শান্ত করেন এবং তাদের সেখান থেকে সরিয়ে নেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জানাজা সম্পন্ন হয়।

আব্দুল লতিফ টিটু বলেন, ২০২২ সালে গ্যাস ও বিদ্যুতের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলমের জানাজা একই মাঠে আয়োজন করতে দেওয়া হয়নি। এছাড়া সংসদে দাঁড়িয়ে তার মৃত্যু নিয়ে তোফায়েল আহমেদ ভুল তথ্য উপস্থাপন করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোলায় জন্মস্থানে বর্ষীয়ান এই রাজনীতিকের জানাজা সম্পন্ন হয়।