নিজ সংবাদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে তাঁর সাংবিধানিক ও প্রশাসনিক মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীরা মাসে একবার কথা বললেও আমি প্রতিদিন দুই-তিনবার বক্তব্য রাখার সুযোগ পাই। সে দিক থেকে আমার পদমর্যাদা অনেক গুরুত্বপূর্ণ।”
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, বিরোধীদলীয় উপনেতা হিসেবে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, সরকারি প্রটোকল ও জাতীয় পতাকাবাহী গাড়ির সুবিধা পাচ্ছেন। তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার ব্যাপারে দল আশাবাদী।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয় পেয়েছে। একই সঙ্গে তিনি চৌদ্দগ্রামের উন্নয়নে ইতোমধ্যে ১২০ কোটি টাকা এবং পরবর্তীতে আরও ১০০ কোটি টাকার বরাদ্দ আনার দাবি করেন।
এ সময় তিনি কিশোর গ্যাং ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “চৌদ্দগ্রামে এসব অপরাধের স্থান হবে না। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের ছয় মাস সময় দেওয়া হলো। এরপরও তারা অপরাধে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
