‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে ছাত্র ফেডারেশনের ক্ষোভ

নিরাপত্তা নিশ্চিতের দাবি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনটির দাবি, হুমকির মুখে একটি সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে যাওয়া মতপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

শনিবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এবং সাধারণ সম্পাদক সৈকত আরিফ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য ও হেফাজতে ইসলামের হুমকির মুখে আয়োজকদের সেই প্রদর্শনী বাতিল করতে হয়েছে।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বরং আয়োজকদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে এবং প্রদর্শনীর জন্য পূর্বে দেওয়া স্কুল কর্তৃপক্ষের অনুমতিও বাতিল করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসনের দায়িত্ব ছিল অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করা। কিন্তু তা না করে তারা উল্টো গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

ছাত্র ফেডারেশনের নেতারা অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন মাজার, খানকা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

তাদের মতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং ভিন্নমত দমনের যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে।