আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে নতুন করে চালু হওয়া হোল্ডিং সেন্টারগুলোতে প্রথম সাত দিনেই প্রায় ৪০০ কথিত অবৈধ বাংলাদেশিকে আটক করেছে রাজ্য প্রশাসন। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি আটক হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলায়। সেখানে ৩৩৫ জনকে আটক করে তেঁতুলঘাটি, পাথরশাঁতি, চরঘাট ও সুভাষনগরের বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
এ ছাড়া মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলাতেও বিভিন্ন সংখ্যক ব্যক্তিকে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।
আটক কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যাবাসন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, কেরালায় কর্মরত চার বাংলাদেশি শ্রমিকও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন। গত ২৬ মে হাকিমপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় তাদের আটক করা হয়। পরে তাদের উত্তর চব্বিশ পরগনার একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।
আটক এক যুবক মতলেব হোসেন ফোনে জানান, তাদের বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। কীভাবে ভারতে প্রবেশ করেছেন, কোথায় কাজ করেছেন এবং কোথায় অবস্থান করেছেন—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
