নিজ সংবাদ:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেন গণপিটুনির শিকার হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন।
শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৩১ মে) দুপুরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং কথিত হুমকির অভিযোগে ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে। আহত অবস্থায় তিনি দাবি করেন, স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর লোকজন তার ওপর হামলা চালিয়েছে এবং ঘটনার বিচার দাবি করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ আনার প্রস্তুতির কথাও জানা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, আনোয়ার হোসেন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
