ইঁদুরের প্লেগে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার কৃষকরা

বাড়ছে ক্ষতি ও উদ্বেগ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ কৃষি অঞ্চলে ভয়াবহ ইঁদুরের উপদ্রব নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কৃষকদের ভাষ্য অনুযায়ী, এটি এখন শুধু শস্যক্ষেতের জন্য নয়, বরং তাদের জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঘরবাড়ি, খামার এবং ফসলের মাঠে হাজার হাজার ইঁদুরের অবাধ বিচরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম ও দক্ষিণ অস্ট্রেলিয়ার অনেক এলাকায় প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর ছড়িয়ে পড়েছে, যা সাধারণ প্লেগ পরিস্থিতির চেয়েও অনেক বেশি। পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষক জিওফ কসগ্রোভ জানান, এবারের উপদ্রব ২০২১ সালের ভয়াবহ ইঁদুর সংকটকেও ছাড়িয়ে গেছে। শস্যক্ষেত রক্ষায় বিষ ও টোপ ব্যবহারে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান সময় ও শ্রম।

কৃষিবিদ বেলিন্ডা ইস্টোর মতে, গত বছরের রেকর্ড ফলনের কারণে মাঠে পড়ে থাকা শস্য এবং পরবর্তী মৌসুমি বৃষ্টিপাত ইঁদুরের দ্রুত বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। ফলে নতুন করে বপন করা বীজ রাতারাতি খেয়ে ফেলছে ইঁদুরের দল।

এদিকে চলমান আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানি ও সারের দাম বাড়ায় কৃষকেরা আগে থেকেই চাপে ছিলেন। তার ওপর ইঁদুরের এই উপদ্রব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরওর গবেষক স্টিভ হেনরি জানান, ইঁদুর অত্যন্ত দ্রুত বংশবিস্তার করতে পারে। তাই দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

তবে সম্প্রতি শক্তিশালী টোপ ব্যবহারের অনুমোদন এবং শীতকাল ঘনিয়ে আসায় কৃষকদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, আবহাওয়ার পরিবর্তন ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।