আন্তর্জাতিক ডেস্ক:
জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং বিদেশি শত্রুদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। দেশটির সেন্ট্রাল প্রদেশের জেনারেল ও রেভল্যুশনারি প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।
প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি শত্রু নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে আরাক অঞ্চলে ৭৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, সংশ্লিষ্ট আদালতগুলো দ্রুতগতিতে মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে অভিযুক্তদের সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসিকিউটর আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং ইরানি জাতির শত্রুদের সঙ্গে সহযোগিতার অভিযোগে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইরানি কর্তৃপক্ষের এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা জোরদার এবং বিদেশি প্রভাব মোকাবিলার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে অভিযুক্তদের পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
