দিল্লিতে পাঁচতলা ভবন ধস, নিহত ৪

ধ্বংসস্তূপে আটকে আরও অনেকে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে জোরালো অভিযান চলছে।

শনিবার সন্ধ্যায় দিল্লির সাইদুল আজাব এলাকার ওয়েস্টার্ন মার্গে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি কোচিং ইনস্টিটিউট, ক্যাফে এবং কয়েকটি অফিস পরিচালিত হচ্ছিল। দুর্ঘটনার সময় ভবনের উপরের তলায় নির্মাণকাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি ধসে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসাবশেষের একটি বড় অংশ পাশের টিনের ছাউনি দেওয়া একটি ক্যান্টিনের ওপরও পড়ে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন এবং ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।