ইরানের সাথে সামরিক সংঘাতে জড়ানো উচিৎ হয়নি: ট্রাম্প

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে সামরিকভাবে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য আদর্শ সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, কয়েক মাস আগে মার্কিন বাহিনী পদক্ষেপ না নিলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক নীতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, অতীতে যুক্তরাষ্ট্র এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।

ট্রাম্পের ভাষ্য, ‘আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, কিন্তু তাদের সেই পারমাণবিক সক্ষমতা ছিল।’ তিনি দাবি করেন, প্রায় নয় মাস আগে মার্কিন বাহিনীর পদক্ষেপ না থাকলে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারত। তার মতে, সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিত।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের পুরো সামরিক কাঠামো ধ্বংস করার পথে হাঁটেনি। কারণ, তাদের মূল্যায়নে ইরানের কিছু অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। তবে উগ্রপন্থী বা হুমকিস্বরূপ অংশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান নীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক আরও তীব্র হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।