জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি

দুস্থদের পাশে প্রধানমন্ত্রী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন এবং জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয় মাঠ থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৬টি স্থানে তিনি অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন। শ্যামলী স্কয়ার, সরকারি বাঙলা কলেজ এলাকা, পল্লবী মেট্রোস্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। বিকেলে ধানমন্ডিতে বস্ত্র বিতরণ শেষে তিনি বাসভবনে ফিরে যান।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দল ও অঙ্গসংগঠনগুলোর আয়োজিত পৃথক কর্মসূচিতেও অংশ নিয়ে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি।

বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি সম্মান জানান।

সন্ধ্যায় গুলশানের বাসভবনে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, এসএসএফ ও পিজিআরের সদস্যরা অংশ নেন।