জ্যৈষ্ঠেই ফুটেছে বর্ষার দূত কদম, মৌলভীবাজারে ছড়াচ্ছে প্রকৃতির মুগ্ধতা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বর্ষা এখনো আনুষ্ঠানিকভাবে না এলেও মৌলভীবাজারে ফুটতে শুরু করেছে বর্ষার দূত কদম ফুল। জ্যৈষ্ঠ মাসেই ডালে ডালে কদমের সাদা-হলুদ ফুল প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ছে। বিশেষ করে শহরের শান্তিবাগ-সংলগ্ন মনু নদের পাড়ে সারি সারি কদমগাছ ফুলে ভরে উঠেছে।

শনিবার সকালে মনু নদের তীরে দেখা যায়, ছোট-বড় অসংখ্য কদমগাছে ফুটেছে গোলাকার মঞ্জরি। ঝকঝকে সকালের আলোয় ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ফুটন্ত কদমের মধু সংগ্রহে ভিড় করছে হাজারো মৌমাছি। শুধু মনু নদের পাড়েই নয়, মৌলভীবাজার পৌরসভার পুকুরপাড় এবং সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকাতেও কদম ফুলের সৌন্দর্য নজর কাড়ছে।

নিসর্গবিদ দ্বিজেন শর্মা তাঁর ‘শ্যামলী নিসর্গ’ গ্রন্থে কদমকে বাংলাদেশের প্রকৃতির অন্যতম রূপসী বৃক্ষ হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘাকৃতি ও বহুশাখাবিশিষ্ট এই গাছ ঘন ছায়া দেয় এবং পথিকের আশ্রয় হয়ে ওঠে।

বৈষ্ণব ঐতিহ্যে কদমগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। রাধা-কৃষ্ণের স্মৃতিবিজড়িত এই বৃক্ষ কাব্য, সংগীত ও চিত্রকলায় বারবার উঠে এসেছে। বর্ষার আগমনী বার্তা নিয়ে জ্যৈষ্ঠের প্রখর গরমেও কদম ফুল যেন প্রকৃতির এক অপূর্ব উৎসবের আয়োজন করেছে।