দুর্ঘটনার পর মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

পুলিশের ধাওয়া

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার কিলানতান রাজ্যে পুলিশের তল্লাশি এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশিসহ ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাংলাদেশি নাগরিকরা দেশটিতে অবস্থানের বৈধ কোনো নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে তুমপাত জেলায় টহলরত জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) সদস্যরা একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়িকে থামানোর সংকেত দেয়। তবে চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে প্রথমে একটি গাড়ি এবং পরে একটি বাড়িতে ধাক্কা দেয়।

জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, দুর্ঘটনার পর গাড়ি থেকে স্থানীয় এক চালক ও ৯ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে এবং সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য জিওএফ কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে মানবপাচার চক্রের সঙ্গে চালকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে অভিবাসীদের কোটা ভারুতে পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতি ১০০ রিঙ্গিত করে পারিশ্রমিক পেতেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মানবপাচারের অভিযোগে ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।