নিজ সংবাদ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৮ মে) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, বার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশের ‘ভাতৃপ্রতীম জনগণকে’ ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করছেন।”
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের আদর্শ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে মোদি বলেন, “যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা সম্প্রসারণে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন নরেন্দ্র মোদি।
