ঈদে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বুধবার (২৭ মে) দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয় বিশেষ একটি এআই জেনারেটেড ভিডিও।

ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার লিওনেল মেসি, রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অবয়ব। সেখানে তারা বাংলাদেশিদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় ফুটবলারদের বলতে শোনা যায়, “বাংলাদেশ, আমরা তোমাদের ভালোবাসি। তোমাদের জানাই ঈদ মোবারক।” ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের ফুটবল সমর্থকেরা বিষয়টিকে ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখছেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি অভাবনীয় সমর্থন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সেই সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা, মিছিল ও উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে।

এরপর থেকেই বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের মধ্যে এক বিশেষ আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে নিয়মিতভাবেই বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আসছে আর্জেন্টিনা ফুটবল দল।