নিজ সংবাদ:
রাতভর ঝড়-বৃষ্টির পরও দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার বৃহৎ জামাত। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে লাখো মুসল্লি অংশ নেন এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠের এই জামাতে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমী। এতে অংশ নেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
৫২ গম্বুজবিশিষ্ট ঈদগাহ মিনারের সামনে প্রায় ২২ একর আয়তনের বিশাল মাঠে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। মুসল্লিরা জানান, এত বড় জামাতে অংশ নেওয়া তাদের জন্য গর্ব ও অন্যরকম এক অনুভূতি।
ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। মাঠ সমান করতে রোলার ব্যবহার করা হয় এবং সবুজ ঘাসের ওপর চুন দিয়ে কাতারের দাগ টানা হয়। মুসল্লিদের সুবিধার্থে তৈরি করা হয় ২০টি প্রবেশদ্বার এবং ওজু ও পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা।
নিরাপত্তা নিশ্চিতে মাঠজুড়ে মোতায়েন ছিল সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা। স্থাপন করা হয় তিনটি ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর। খুতবা ও নামাজের শব্দ পৌঁছে দিতে ব্যবহার করা হয় প্রায় ১০০টি মাইক।
জেলা প্রশাসন জানিয়েছে, ২০১৭ সালে নির্মিত এই নান্দনিক ঈদগাহ মিনারটি উপমহাদেশের অন্যতম বৃহৎ স্থাপনা হিসেবে পরিচিত।
