আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে।
আইআরআইবি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে মার্কিন সামরিক বাহিনী আকাশযান ব্যবহার করে ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি এলাকায় হামলা চালায়। এর জবাবে ভোর ৪টা ৫০ মিনিটে আইআরজিসি সেই মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ পরিচালিত হয়েছিল বলে দাবি করা হয়েছে।
তবে ইরান এখন পর্যন্ত ওই মার্কিন ঘাঁটির নির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে এবং এর পাল্টা জবাব দেওয়া হচ্ছে।
এ ঘটনার মাত্র চার দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু নতুন এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
