জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। সরকার প্রধানকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। শুভেচ্ছা বিনিময়ের জন্য তার চারপাশে ভিড় করেন হাজারো মানুষ।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপর থাকতে দেখা যায়। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থান নেন। তবে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও আনন্দঘন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক ঈদের জামাতে ইমামতি করেন। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপদে নামাজ আদায় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।