বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে দৃশ্যম-৩। জনপ্রিয় এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি মুক্তির মাত্র ছয় দিনেই আয় করেছে ১৭০.৩২ কোটি রুপি। এর মধ্য দিয়ে সিনেমাটি ছাড়িয়ে গেছে আদুজীবিথামের আয় রেকর্ডও।
মোহনলাল–এর জন্মদিন উপলক্ষে গত ২১ মে মুক্তি পায় সিনেমাটি। পরিচালনা করেছেন জিতু জোসেফ। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে আলোচনায় আসে।
ভারতে ষষ্ঠ দিনে সিনেমাটির আয় হয়েছে ৬.৪৫ কোটি রুপি। সব মিলিয়ে দেশটিতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৮.৬০ কোটি রুপিতে। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে আরও ৬ কোটি রুপি। ফলে বিদেশে মোট আয় বেড়ে হয়েছে ৯০.৭০ কোটি রুপি।
বর্তমানে ‘দৃশ্যম ৩’ সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়কারী মালয়ালাম সিনেমা। একই সঙ্গে এটি ২০২৬ সালে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় মালয়ালাম ছবি। এর আগে এই অর্জন করেছিল ভাজা ২।
সবচেয়ে বড় বাজার হিসেবে এগিয়ে রয়েছে কেরালা। শুধু সেখান থেকেই ষষ্ঠ দিনে এসেছে ৫.৬৫ কোটি রুপি। ভাষাভিত্তিক আয়েও মালয়ালাম সংস্করণ শীর্ষে রয়েছে।
দর্শক উপস্থিতির দিক থেকেও সিনেমাটি শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
