সারা দেশে বিজিবির ২৩ টিম মোতায়েন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ টোলপ্লাজাগুলোতে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সারা দেশে বিজিবির ২৩টি টিম মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন যানজটপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৬টি এবং মেঘনা সেতু, কাঞ্চন সেতু, মদনপুর ও কাঁচপুর এলাকায় ৪টি টিম মোতায়েন রয়েছে। এছাড়া যমুনা সেতু, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু, খুলনার রূপসা খান জাহান আলী সেতু, কিশোরগঞ্জের ভৈরব সেতু এবং কুষ্টিয়ার লালন শাহ সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, গত ২১ মে থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।