নিজ সংবাদ:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করার ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণার ব্যবস্থা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া এসব তথ্য সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঈদকে সামনে রেখে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
